করোনা পরিস্থিতিতে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না এবারের বিশ্ব ইজতেমা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না ২০২১ সালের বিশ্ব ইজতেমা। তবে বিশ্ব ইজতেমার নির্ধারিত তারিখে (৮,৯,১০ ও ১৫,১৬,১৭) চিল্লায় বের হতে ইচ্ছুক সাথীরা প্রত্যেক জেলার মারকাজ মসজিদ থেকে স্বাস্থ্যবিধি মেনে মুরব্বীদের মশওয়ারাক্রমে জামাতে বের হতে পারবেন।

ইসলাম টাইমসকে এ তথ্য জানিয়েছেন টঙ্গী ময়দানের দায়িত্বশীল মোস্তফা ভাই।

তিনি ইসলাম টাইমসকে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে হবে না বলে জানিয়েছেন দায়িত্বশীল মুরব্বীরা। তবে পরিস্থিতি ভালো হলে নির্ধারিত তারিখের বাইরে বিশ্ব ইজতেমা হবে কিনা তা সময় মতো পরামার্শক্রমে জানিয়ে দেবেন মুরব্বীরা।

এবার বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে না হলেও সবাইকে নিজ নিজ জায়গা থেকে বিশ্ববাসীর সুস্থতা ও ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে হবে না এমন সিদ্ধান্তের পর এ নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের।

আবির মামুদ নামে একজন লিখেছেন, ‘‘ ইজতেমা হবে না, কিন্তু নির্বাচন ঠিকই হবে তাতে করোনার প্রভাব পরবে না’’।

মারজানা সুলতানা মিলা নামে  আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘ ইন্নালিল্লাহ, তবে দেখা যাক তাহলে বইমেলা ও বাণিজ্য মেলার কি হয়।

এছাড়া মোহাম্মদ জাকারিয়া নামে একজন লিখেছেন, ‘‘ নির্বাচনী সভা সেমিনারে, পূজার সময় করোনা থাকে না। শুধু ইসলামিক কোন আয়োজনে করোনা হয়! হায় আফসোস!

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ তীরে প্রতি বছর বিশ্ব ইজতেমায় একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। ১৯৬৭ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টঙ্গী ইজতেমাকেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গণজমায়েত বলা হয়। ২০২০ সালের বিশ্ব ইজতেমা শেষে ২০২১ সালের ইজতেমার (৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব ও ১৫ থেকে ১৭ জানুয়ারি ২য় পর্ব) তারিখ ঘোষণা করা হয়।

প্রতি বছর শীতকালীন সময়- ডিসেম্বর অথবা জানুয়ারিতে হয়ে থাকে ইজতেমার আয়োজন। এবছর শীতের সময়ে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাই ১৯৬৭ সালে শুরু হওয়ার পর থেকে প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে পালিত হয়ে আসলেও মহামারী করোনার কারণে এবার কিছুটা আশঙ্কা দেখা দিয়েছিল বিশ্ব ইজতেমা নিয়ে।

শীতকালে করোনার দ্বিতীয় সংক্রমণ- স্বাস্থ্য অধিদফতরের এমন আশঙ্কার পর বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে না হওয়ার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরো পড়ুন: করোনাকালে বিশ্ব ইজতেমা: কী ভাবছেন দায়িত্বশীলরা?

করোনার তীব্রতা কমার পর যেভাবে চলছে তাবলীগের কার্যক্রম

করোনাকালে যেভাবে সময় কাটাচ্ছেন তাবলিগী সাথীরা

মাদরাসাগুলোতে করোনা পরবর্তী তাবলীগী মেহনত বিষয়ে টঙ্গীতে আলেমদের জোড়

-এনটি

পূর্ববর্তি সংবাদসাবেক মেয়র খোকনসহ ৭ জনের বিরুদ্ধে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলা
পরবর্তি সংবাদবিজিবির সঙ্গে গোলাগুলি, হালুয়াঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারির মৃত্যু