স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে দুদক

ইসলাম টাইমস ডেস্ক: করোনাকালীন সময়ে মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে আগামীকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তাই নয় রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে আগামী বৃহস্পতিবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্রে জানা যায়, মাস্ক-পিপিইসহ করোনা স্বাস্থ্যসামগ্রী কেনায় দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে গত ৬ আগস্ট দুদকের গ্রধান কার্যালয় থেকে পৃথক দু’টি অভিযোগ অনুসন্ধানে তার বক্তব্য নেওয়ার জন্য ১২ ও ১৩ আগস্ট তাকে দুদকে হাজির হতে বলা হয়।

দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও শেখ মো. ফানাফিল্যা আলাদা চিঠিতে তাকে তলব করেছেন। মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপার্টমেন্টের (সিএমএসডি) সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্ত নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়।

এতে বলা আরও বলা হয়, ১২ আগস্ট দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

অপর দিকে, দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত চিঠিতে ১৩ আগস্ট অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে তলব করা হয়।

চিটিতে বলা হয়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও অন্যান্যদের বিরুদ্ধে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে চলমান অনুসন্ধানের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে (আবুল কালাম আজাদ) তলব করা হয়েছে।

একই ঘটনায় শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত আরেক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকেও তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের সমালোচনার মধ্যে পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এর দুই দিন পর ২৩ জুলাই তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আরো পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে দুদকের তলব

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনিদের অগ্নি বেলুনে দিশেহারা ইসরাইল, বন্ধ করে দিল গাজার প্রবেশদ্বার
পরবর্তি সংবাদ১ অক্টোবর থেকে ঢাকা উত্তরের সব ঝুলন্ত তার কেটে ফেলা হবে: মেয়র আতিক