ইসলাম টাইমস ডেস্ক: দেশবরেণ আলেমেদ্বীন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বরেণ্য অনেক আলেমে দ্বীন।
সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী বলেন, আল্লামা তাফাজ্জুল হক রহ. দেশের একজন শীর্ষ অালেম ও প্রখ্যাত আলোচক ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। এ মহান আলেমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
আরও পড়ুন: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ: বর্ণাঢ্য ও সমৃদ্ধ জীবনের অধিকারী মনীষী
আল্লামা আহমদ শফী আরো বলেন, মাওলানা তাফাজ্জুল আমার প্রিয় শাগরিদ। তিনি এত বড় ব্যক্তি হওয়ার পরও উনার বিনয় ছিলো অনুসরণীয়। আমাকে উস্তাদের চেয়ে বেশি সম্মান ও মুহাব্বত করতেন। তার মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গণ একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। এ শূন্যতা কখনো পূরণ হবার নয়।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান গভীর শোক প্রকাশ করে বলেন, ভাবতেই খুব কষ্ট হচ্ছে- বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, দরদী আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর এখন আর আমাদের মাঝে নেই। মুহাদ্দিসে হবিগঞ্জী রাহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।
আরও পড়ুন: স্মৃতিচারণে আমার দেখা মনীষীরা : শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.
মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সোলাইমান নোমানী গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তার হাতে লাখ লাখ আলেম গড়েছেন। আমরা আরেকজন মুরব্বীহারা হয়ে গেলাম। আমরা তার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন: আল্লামা হবিগঞ্জীর জানাজা সকাল ১০টায় উমেদনগর মাদরাসা মাঠে
ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. দেশের একজন শীর্ষস্থানীয় আলেম ও সচেতন রাজনীতিবিদ ছিলেন। জাতির সংকটময় মুহূর্তে তিনি অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে আমরা একজন দেশবরেণ্য আলেমকে হারালাম।
তিনি আরও বলেন, সপ্তাহকাল আগে আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালে আমাদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর ইন্তেকালে সেই ক্ষত আরো গভীর হলো। তাঁদের ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল খেদমত কবুল করুন, আমীন।
আরও পড়ুন: আল্লামা হবিগঞ্জী-র ইন্তেকালে জমিয়তের শোকপ্রকাশ
















