ইসলামী দলসমূহের প্রতিবাদ: মাওলানা জসিম উদ্দীনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসিচব, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার শূরার সদস্য ও স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ইসলামী রাজনৈতিক দলসমূহ।

বুধবার গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রতিবাদ বিবৃতিতে বলেন, প্রকাশ্য দিবালোকে মাওলানা জসিম উদ্দিনের উপর হামলা ও উপর্যোপরি ছুরিকাঘাতের ঘটনায় দেশবাসী প্রচন্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত। একজন আলেমের উপর এভাবে হামলার দায় সরকার এড়াতে পারে না। এ হামলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থির চরম অবনতির প্রমান। মাওলানা জসিম উদ্দিনের উপর এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে দেশের তাওহিদী জনতা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আলেমদের উপরে প্রকাশ্যে-দিবালোকে হামলা হচ্ছে। এধরণের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন। বরেণ্য আলেম মুফতী জসিম উদ্দিনের উপর প্রকাশ্যে বর্বরোচিত ছুরিকাঘাত কোন সাধারণ হামলা নয়। এর সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে হবে সরকারকে।

একই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর ঢাকার চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা মাহবুবুল হক কাসেমী।

বিবৃতিতে তারা বলেন, মাওলানা জসিম উদ্দিন দেশের প্রখ্যাত আলেম মুফতি আমিনী রহ. এর সুযোগ্য জামাতা। একজন নিভৃতচারী মুখলেছ আলেমেদ্বীন। একজন বয়োবৃদ্ধ খ্যাতিমান মুহাদ্দিস। তাঁর উপর অতর্কিত হামলা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে হামলাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, দেশে মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। আলেম-উলামাদের উপরে প্রকাশ্যে-দিবালোকে হামলা হচ্ছে। ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দীনের উপর বর্বরোচিত ছুরিকাঘাত তার জ্বলন্ত প্রমাণ।

বিবৃতিতে তারা বলেন, যে বা যারা প্রকাশ্যে দিবালোকে এই জঘন্য বর্বরোচিত হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা মনে করি, প্রশাসন আশপাশের ভবনের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করলেই সন্ত্রাসীকে শনাক্ত করতে পারবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীকে চিহ্নিত করুন। হামলাকারীদের গ্রেফতার করুন। আলেম-উলামাদের জান-মালের নিরাপত্তা বিধান করুন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর লালবাগে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাওলানা জসিম উদ্দীন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন।

-এসএন

পূর্ববর্তি সংবাদবাকস্বাধীনতার কথা বললেও ৫০০র’ও বেশি ভারতীয় একাউন্ট বন্ধ করল টুইটার
পরবর্তি সংবাদদালিলিক প্রমাণের ভিত্তিতে জিয়ার বীর উত্তম খেতাব বাতিল করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী