ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীতে ইংরেজি নববর্ষের দিনে অতিরিক্ত মদপানে তিনজন যুবকের মৃত্যু হয়েছে। আরও তিনজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এই তিনজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।
চিকিৎসাধীন আছেন মহানগরীর হেতেমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬), একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২) এবং নগরীর হোসেনীগঞ্জ এলাকার মুনসুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (২৬)। এই তিনজন রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
আরো পড়ুন: বিশ্বজুড়ে নববর্ষ উৎসব: বীভৎসতায় ১১ জনের মৃত্যু, প্রায় অর্ধশতাধিক আহত
বনানীতে নববর্ষ উপলক্ষে চটপটি খেতে গিয়ে কিশোর খুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মদের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক বলা যাবে না।
এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এনটি
















