নিউজিল্যান্ডে পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম হিসেবে অন্তর্ভুক্ত হিজাব

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাবকে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড সরকার। খবর বিবিসি, নিউজিল্যান্ড হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী প্রথম হিজাব পরিধান করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছে।

এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল যে, তাদের পুলিশ সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবে। ২০১৬ সালে একই রকম সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের পুলিশ।

নিউজিল্যান্ড পুলিশ বলছে, মুসলিম নারীদের আরও বেশি করে এই পেশায় আনতে পদক্ষেপটি নেওয়া হয়েছে।

হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ড রয়েছে।

যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে।

প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন।

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, “হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন।”

এস এন 

পূর্ববর্তি সংবাদসম্পর্ক জোড়া দিতে বাইডেনের কাছে মোদির ফোন
পরবর্তি সংবাদসিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, ৩ সেনা নিহত