ইসলাম টাইমস ডেস্ক: হিন্দুদের পূজা উৎসবে গিয়ে ইসলাম ও মুসলমানদের প্রতি বিষোদগার করার ধারা আমাদের দেশে নতুন নয়। এতে পাশের দেশের দাদাবাবুরা খুশী হন। সেই ধারাবাহিকতায়ই আলেমদেরকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ নষ্টকারী আখ্যা দিয়ে ‘মৌলবাদী গোষ্ঠী’র কাছে সরকার মাথা নত করবে না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, এই বাংলাদেশে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যেমনি আমরা সহ্য করবো না, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নামে মানুষকে হেনস্থা করা, সামাজিকভাবে গুজব ছড়িয়ে সম্প্রদায়গুলোর মধ্যে ভীতি এবং শংকার পরিবেশ তৈরির অপচেষ্টা বরদাস্ত করবো না।
বাংলাদেশের একটি ইসলামী দলের ভাস্কর্য বিরোধী আন্দোলনের দিকে ইঙ্গিত করে নওফেল বলেন, দু’একদিন আগে আমরা দেখলাম একটি খুবই ছোট মৌলবাদী দলের একজন নেতা মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ কাঁপাচ্ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কথা বলছিলেন। মঞ্চ কাঁপিয়ে, ভয়-ডর সৃষ্টি করে বড় গলায় যারা কথা বলছেন, তাদের উদ্দেশে বলতে চাই, মঞ্চ বেশি কাঁপাবেন না। মঞ্চ বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে।
তিনি বলেন, আপনাদের হুমকি-ধমকি এগুলো বন্ধ করুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে শ্রদ্ধা করে। গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা আছেন- কিন্তু মৌলবাদী কথা বলা, জনমনে শংকা এনে জাতীয় প্রতিষ্ঠান এবং জাতির পিতাকে নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখাবেন না। আপনারা বাড়াবাড়ি বন্ধ করুন।
নওফেল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগসহ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দ্বীনে ইসলাম সুরক্ষিত আছে। আপনাদের কাউকে ঠিকাদারি দেওয়া হয়নি। এই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ শান্তিপূর্ণ বাংলাদেশে বিশ্বাস করে।
আলোচনা সভা শেষে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে পূজা মণ্ডপে আসা দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি মাইকেল দে’র সভাপতিত্বে এবং বিশ্বনাথ দাশ বিশু ও সুচিত্রা গুহ টুম্পার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বামী লক্ষী নারায়ণ কৃপানন্দ পূরী মহারাজ, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, সহ-সভাপতি সৌমিত্র চক্রবর্তী, জগন্নাথ মিত্র, দেবাশীষ নাথ দেবূ, কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, রুমকি সেন গুপ্ত, আঞ্জুমান আরা আঞ্জু, অমিত চৌধুরী প্রমুখ।
ইজে
















