মুরাদনগরে জাতীয় সংগীতের সুরে হামদ পরিবেশন করায় মাদরাসা বন্ধ করে দিল প্রশাসন

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে জাতীয় সংগীতের সুর দিয়ে আল্লাহর স্তুতিমূলক হামদ পরিবেশন করায় দারুল কোরআন আল আরাবিয়া নামের একটি মাদরাসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার ওই মাদরাসার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় কাগজপত্র এবং অনুমোদন নিয়ে ওই মাদরাসা চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কোরআন আল আরাবিয়া মাদরাসার মুহতামিম নাজিবুল্লাহ আফসারী জাতীয় সংগীতের সুর ব্যবহার করে একটি ইসলামী সংগীত পরিবেশনা করে তার নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এতে বিষয়টি কর্তৃপক্ষসহ গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

রোববার খবর পেয়ে ঘটনাস্থলে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস এবং থানার ওসি নাহিদ আহাম্মেদ। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পাওয়া যায়নি।

এ সময় মাদরাসার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই শিক্ষককে তার ফেসবুক আইডিসহ ইউটিউব চ্যানেল থেকে ওই সুরে গাওয়া সংগীতটি মুছে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদদুর্গাপূজা উপলক্ষে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা
পরবর্তি সংবাদনাব্যতা সংকট: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের লঞ্চ চলাচল বন্ধ