ফিলিস্তিনিদের থেকে ইহুদিদের শ্রেষ্ঠ বলে আমিরাতের দায়ীর মন্তব্য: সামাজিক মাধ্যমে ক্ষোভ

আমিরাতের তথাকথিত দাঈ ওয়াসিম ইউসুফ। - সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলের সঙ্গে চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নানাভাবে ফিলিস্তিনিরা ক্ষোভ প্রকাশ করায় ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিদের শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন আমিরাতের তথাকথিত  দাঈ শায়খ ওয়াসিম ইউসুফ। এছাড়াও তিনি ইসরাইলকে নিয়ে অতীতে করা ঘৃণাসূচক মন্তব্যের জন্য দেশটির কাছে ক্ষমা চেয়েছেন। তার এমন মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন অভিহিত করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খবর আল জাজিরা ও মিডল ইস্ট মনিটরের।

আমিরাতের তথাকথিত এই দাঈ ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের কঠোর সমালোচনা করে দাবি করেছেন, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলের এক টুইটে ওয়াসিম ইউসুফ বলেন, ফিলিস্তিনি শাসকগোষ্ঠী সন্ত্রাসীদের রীতি অনুসরণ করছে; গোপনে তারা ঠিকই ইহুদীদের সঙ্গে হাত মেলায়, কিন্তু প্রকাশ্যে তাদের বদনাম করে।

ওয়াসিম ইউসুফ বলেন, যদি ফিলিস্তিনিরা যুদ্ধই চায়, তাহলে তারা রণাঙ্গনে বেরিয়ে পড়ুক। কেন তারা শান্তিকামীদের বদনাম রটাচ্ছে?

ওই টুইটে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স বিন জায়েদের ছবির সঙ্গে ফিলিস্তিনিদের আচরণকে অপমানজনক উল্লেখ করে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওয়াসিম ইউসুফ লিখেছেন, তোমাদের কোন নৈতিকতা নেই, বাস্তবিকই তোমরা পূণ্যভূমি জেরুসালেম অধিকারের যোগ্যতা রাখো না, ইহুদিরা তোমাদের থেকে উত্তম।

টুইটারে তিনি আরো লেখেন, যখন দেখি ইসরাইলের সাথে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিনিরা আমার দেশের পতাকা পোড়াচ্ছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক ইসরাইলির কাছে ক্ষমা চাইব যদি অতীতে আমি এমন কিছু করে থাকি।

ইউসুফ দাবি করেন, আমিরাতের জনগণ ইসরাইলের সাথে চুক্তি করতে পেরে বেশ সুখী, তারা মহামারী করোনাভাইরাসের কথা ভুলে গেছিল।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি কতৃপক্ষ, হামাস ও ইসলামিক জিহাদ এরা ৭০ বছর ধরে ফিলিস্তিন নিয়ে ব্যবসা করছে। এখন সময় এসব অর্থ ও দান গ্রহীতাদের ধ্বংস করে শান্তি ফিরিয়ে আনার।

ওয়াসিম ইউসুফের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। অনলাইনে সক্রিয়রা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে; একজন রি-টুইট করে লিখেছেন, তাইলে আপনিই সাহস করে ইহুদিদের থেকে জেরুসালেম মুক্ত করুন, দেখা যাবে- কারা এই নগরীর অধিকারের যোগ্য!

সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে ওয়াসিম ইউসুফের টুইটগুলো ব্যাপক বির্তর্কের সৃষ্টি করছে। বিশেষ করে যখন তিনি বললেন যে আরব ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্ব শুধু ধর্মীয় কারণে। সাথে সাথে সামাজিক মাধ্যমে-এর প্রতিবাদ জানিয়ে জবাব দেওয়া হয় যে আরব ও মুসলিমদের মধ্যে ইহুদি ধর্ম নিয়ে কোন সমস্যা নেই, তাদের সাথে সমস্যার কারণ হলো জায়নবাদী দখলদারিত্ব।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একটি শান্তি চুক্তি ঘোষণা করেছিলেন।

আরো পড়ুন: আমিরাত-ইসরায়েল চুক্তি: ফিলিস্তিনিদের জন্য নতুন দুঃস্বপ্ন

পূর্ববর্তি সংবাদউত্তরাঞ্চলের বন্যার্তদের মাঝে রূপনগর থানা ইমাম পরিষদের ত্রাণ বিতরণ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ফায়ার টর্নেডোর হানা, পুড়ে যাচ্ছে সব (ভিডিও)