ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ইসলাম টাইমস ডেস্ক: ১৫ আগস্ট ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার দুপুর ১টায়  সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের কর্মকর্তারা।

এসময় ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কমান্ডার শ্রী বলেরাও সিং বাংলাদেশের হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলী জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তারাও আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

এদিকে জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস রহমান টিটো সাংবাদিকদের জানান, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।

পূর্ববর্তি সংবাদচীনকে ধাক্কা, মালদ্বীপে বিপুল অর্থ বিনিয়োগ করছে ভারত
পরবর্তি সংবাদ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন’