তারিক মুজিব ।।
মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। আল্লাহ্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত প্রকারের ব্যক্তি আল্লাহ্র আরশের ছায়ার অধিকারী হবে। তন্মধ্যে একদল হবে তাঁরা, ‘যাঁদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে।’
ইমাম নববী রহ. বলেন, ‘এ হাদীসে কেবল সেইসব ব্যক্তির কথা বলা হয় নি- যারা সর্বদাই মসজিদে পড়ে থাকে। বরং বলা হয়েছে তাঁদের কথা মসজিদের প্রতি যাদের পোক্ত ভালোবাসা রয়েছে।’
হাফিয ইবনে হাজার রহ. বলেন, ‘মসজিদের প্রতি এই ভালোবাসা সে ব্যক্তি মসজিদে উপস্থিত না থাকার পরও থাকতে পারে।’ তাঁরাও এই হাদীসের ফযিলতে শামিল থাকবেন।
কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে সংক্রমণ এড়াতে বিশ্বের নানা দেশেই অন্যান্য প্রতিষ্ঠানের মতো মসজিদে নামায আদায় বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশে সীমিত আকারে মসজিদগুলো সবসময়ের জন্য খোলা থাকলেও অনেক দেশেই কয়েক মাস ধরেই বন্ধ ছিল মসজিদে নামায আদায়। বন্ধ ছিল মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসার মতো প্রধান তিন মসজিদও।
তবে করোনার বিস্তার কিছুটা কমে আসায় আজ রবিবার মসজিদে নববী, মসজিদে আকসাসহ মুসলিম জাহানের অনেক মসজিদ খুলে দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর তুরস্ক বিজেতা মুহাম্মদ আল ফাতিহের কসতুনতুনিয়া বিজয়ের দিন খুলে দেওয়া হয়েছে দেশটির সকল মসজিদ।
আরো পড়ুন: ইসলামি সভ্যতার গৌরবময় চিকিৎসা ব্যবস্থার পথেই এগোতে হবে
দীর্ঘদিন মসজিদে উপস্থিত হতে না পেরে বিশ্বজুড়ে মুসল্লিদের দুঃখের কমতি ছিল না। তাই করোনা পরবর্তী সময়ে মসজিদ খুলে দেওয়া হলে দেখা গেছে মুসল্লিদের আবেগ অনুভূতি।
আজ ফজরের সময় মসজিদে আকসা খুলে দেওয়ার অনেক আগ থেকেই দেখা গেছে মুসল্লিরা কাতারবন্দি হয়ে মসজিদে প্রবেশের জন্য অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন।
একই চিত্র দেখা গেছে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য মসজিদেও।

১. অনেকদিন ধরে নামায পড়া হয় না। আকসায়। মসজিদ খুলে দেওয়া হবে ফজর থেকে। তাই দীর্ঘ রাত থেকে মুসল্লিদের অধীর অপেক্ষা।

২. খাদেমরা দরজা খুলে দিচ্ছে মসজিদে নববীর। পেছনে মুসল্লিদের দীর্ঘ সারি। কতদিন পর তারা হাজির হয়েছেন প্রাণের মসজিদে। অনেকদিন পরে আজ রওযা শরিফের যিয়ারত করা হবে।

৩. সংক্রমণ এড়ানোর অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে তুরস্কের সর্ববৃহত সুলতান আহমদ মসজিদে।

৪. আকসায় ৬৪ দিন পর ফজরের নামাযে মুসল্লিরা।

৫. মুহাম্মদ আল ফাতিহের কসতুনতুনিয়া বিজয়ের দিন তুরস্কের সর্ববৃহত মসজিদে প্রায় দুইমাস পর মুসল্লিরা।

৬. মসজিদে নববীর এক মুসল্লি। নিজের অনুভূতির কথা জানাচ্ছেন এক সংবাদমাধ্যমকে।
আরো পড়ুন: ১২ জুন থেকে পাকিস্তানের বেফাকভূক্ত মাদরাসা খুলে দেওয়ার ঘোষণা
















