ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে দেশে সরকারি ছুটি আর বাড়ছে না। যার ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস। তবে ১৫ জুন পর্যন্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে প্রতি বছর রমজানের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়া কওমী মাদরাসাগুলো খোলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত না হলেও মাদরাসা কবে খোলা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে মুরব্বীদের পরামর্শক্রমে সরকারের সাথে দুয়েকদিনের মধ্যেই বৈঠকে বসবেন বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।
তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে মাদরাসা কবে খোলা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে মুরব্বীদের পরামর্শক্রমে সরকারের সাথে বৈঠকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের সাথে বৈঠক করে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারলে তা যথা সময়ে জানানো হবে।
মাদরাসা খোলার বিষয়ে দায়িত্বশীল আলেমরা কবে নাগাদ সরকারের সাথে বসবেন এব্যাপারে স্পষ্ট কিছু না বললেও দুয়েকদিনের মধ্যেই হতে পারে এনিয়ে বৈঠক এমন আভাস পাওয়া গেছে মাওলানা মাহফুজুল হকের কথায়।
তবে বুধবার (২৭ মে) বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ১৫ জুন পর্যন্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
















